
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আসাদ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৫ মার্চ দুপুর ১২টার দিকে মহাজন উত্তরপাড়ায় বাড়িতে একা থাকা তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী আসাদ মোল্যার বিরুদ্ধে। এ সময় শিশুটির পরিবারের এক সদস্য বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন আসাদ শিশুটিকে ছেড়ে পালিয়ে যান।
পরে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মন্তব্য করুন