
লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আব্দুল জলিল (৬৫) উপজেলার ওই এলাকার মনু মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই মো. সহিদের বয়স ৬৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।
ঘটনার পর লালমোহন থানা পুলিশ অভিযুক্ত মো. সহিদকে গ্রেফতার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আপন দুই ভাইয়ের মধ্যে সুপারি পাড়াকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন