
(মেহেরপুর) প্রতিনিধি: জন অমৃত মন্ডল
শিশুদের অধিকার, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবারস বাংলাদেশ (GNB), মেহেরপুর সিডিপি (CDP)-এর উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও শিশু অধিকার দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুরের ম্যানেজার বিপুল রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়নতারা নিশাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা. লুইস দীপ্তিময় কীর্তনীয়া, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের (BYFC) মুজিবনগর ম্যানেজার জন অমৃত মণ্ডল, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিরুল শেখ এবং বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের মুজিবনগর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার অসীম রেমা।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে (প্রাথমিক স্তর) প্রথম স্থান অর্জন করে মোছা. মিফতাহুল জান্নাত, দ্বিতীয় স্থান অর্জন করে শ্রীমতি প্রমিলা টুডু এবং তৃতীয় স্থান অর্জন করে সৃষ্টি সরকার। তারা সবাই বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
‘খ’ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম হয় ছড়াহিয়া শারমিন মিলি, দ্বিতীয় হয় অদ্রিতা সৃজা মণ্ডল এবং তৃতীয় হয় তিয়াশা কিস্কু। তারা সবাই বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
‘গ’ বিভাগে (নবম ও দশম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে অলিভিয়া সরেন, দ্বিতীয় স্থান অর্জন করে শ্যারন মণ্ডল এবং তৃতীয় স্থান অর্জন করে সাথী দাস। তারাও বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় এলভিন আরিয়ান কীর্তনীয়া, আইরিন ডরিন অধিকারী ও অধরা মণ্ডল। তাদের পরিবেশনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
বক্তারা শিশুদের অধিকার রক্ষা, নিরাপদ শৈশব নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার সপ্তাহ ও শিশু অধিকার দিবস উদ্যাপন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন