
মুহাম্মদ আকাশ ,স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল—দেশের যেখানেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে সাচিং প্রু জেরী বলেন, তাদের যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে।
সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ ও ভূ-সম্পত্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও সরকারের সঙ্গে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন