

কামরুজ্জামান, লংগদু
জরাজীর্ণ ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মারা যাওয়ার সাম্প্রতিক ও অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটেছে রাংগামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারের সংলগ্ন ।
৮অক্টোবর ২০২৬ তারিখে রাংগামাটির লংগদু উপজেলার একটি রেলিংবিহীন সেতু পার হওয়ার সময় রাফি নামে ৮ বছর বয়সী এক শিশু পানিতে পড়ে ডুবে মারা যায়। দীর্ঘদিন ধরে ব্রিজের রেলিং না থাকায় এটি শিশুদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, যা অবশেষে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে করল্যাছড়ি বাজারের প্রধান ব্রিজ পার হচ্ছিল শিশু রাফি। এ সময় সেতুর পাশে দীর্ঘদিন ধরে ভেঙে থাকা রেলিং দিয়ে সে অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, করল্যাছড়ি বাজারে যাতায়াতের প্রধান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটির সাইডওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। একাধিকবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে সেতুটি সংস্কার ও সুরক্ষা রেলিং নির্মাণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আরও ঘটতে পাড়ে।
মন্তব্য করুন