
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনার কাছেই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি। এক পাশে সবুজের সমারোহ, অন্য পাশে ঢেউয়ের অবিরাম ছন্দ। সেই সাগরপাড়ের নির্জন সৈকতই একদিন হয়ে উঠেছিল রাস উৎসবের মিলনমেলা। বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে সেই আয়োজনের পেছনে রয়েছে ভ্রমণসেবা প্রতিষ্ঠান জলতরুণীর এক দশকের উদ্যোগ।
সোমবার রাত থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সৈকতসংলগ্ন এলাকায়। তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে সূর্যের আলো ফোটার আগেই সৈকতে জড়ো হতে থাকেন শত শত পুণ্যার্থী। ব্রহ্মমুহূর্তে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উলুধ্বনি আর প্রার্থনায় মুখর হয়ে ওঠে সাগরপাড়।
পুণ্যার্থীরা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সাগরে নামেন পুণ্যস্নানে। কেউ পুণ্যলাভের আশায়, কেউ পরলোকে চলে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য দেন তাঁরা। ধর্মীয় বিশ্বাস, ভক্তি আর সাগরের ঢেউ মিলেমিশে তৈরি করে এক অন্য রকম আবহ।
তবে শুভ সন্ধ্যার রাস উৎসব এখন আর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই। পুণ্যার্থীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষ, দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতিতে এটি পরিণত হয়েছে এক সর্বজনীন লোকজ উৎসবে। রাস মেলাকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনও ছিল।
এই উৎসবের আয়োজনে জলতরুণীর সম্পৃক্ততা এক দিনের নয়। ভ্রমণসেবা প্রতিষ্ঠানটি গত ১০ বছর ধরে শুভ সন্ধ্যা সৈকতে রাস উৎসব আয়োজন করে আসছে। পর্যটন সম্ভাবনাময় একটি সৈকতকে ঘিরে স্থানীয় ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির পরিচিতি ছড়িয়ে দেওয়াই তাদের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নিতে শুভ সন্ধ্যা সৈকতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও লোকজ সংস্কৃতির এমন মেলবন্ধন শুভ সন্ধ্যা সৈকতকে দিয়েছে আলাদা পরিচিতি। দশ বছর ধরে জলতরুণীর উদ্যোগে আয়োজিত এই উৎসব এখন স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্তের পর্যটকদের কাছেও পরিচিত এক আয়োজন। সাগরের ঢেউয়ের মতোই প্রতিবছর ছড়িয়ে পড়ছে এর পরিসর।
মন্তব্য করুন