
নাচোল(চাঁপাইনবাবগঞ্জ:)মোঃ মাহফিজুর রহমান
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের চাবি হস্তান্তর এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের চাবি হস্তান্তরের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নতুন উদ্যোগের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সুচি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল উপজেলার সাবেক কমান্ডার মোশাররফ হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, মর্যাদা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে নাচোল উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন