
মেহেরপুর প্রতিনিধি: জন অমৃত মন্ডল
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মেহেরপুর ও মুজিবনগরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে সালোম, চার্চ অব বাংলাদেশ। ২০২৬ সালের ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, জামসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ ও সমিতির সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। এ উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর ও মুজিবনগর অফিস প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। সদস্যরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় এসব চারা রোপণ এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বল্লভপুর ডিনারির অঞ্চল প্রধান পালক রেভা. দীপক উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর, মেহেরপুরের কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালোমের হেড অব ফাইন্যান্স পিটার মন্ডল, এরিয়া ম্যানেজার রোমীয় পিন্টু মন্ডল, মুজিবনগর, মেহেরপুরের ব্যবস্থাপক আকমল হোসেন এবং ব্যবস্থাপক শ্যামল মন্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।
বক্তারা আরও বলেন, সমিতির সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সদস্যদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবার ও সমাজ পর্যায়ে বৃক্ষরোপণের ইতিবাচক প্রভাব বিস্তার লাভ করবে।
সালোম, চার্চ অব বাংলাদেশের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ফলদ বৃক্ষের বিস্তার এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।
মন্তব্য করুন