
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশন-সংলগ্ন পাকা সড়কে তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বান্দরবান জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত টমটমে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের অংশে বিশেষ কৌশলে ঢালাই করে লুকিয়ে রাখা অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।
আটক নুরুল আজিম (২০) কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুক্তার আহমেদ ও মমতাজ বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন