মোঃ শসমের আলী
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আফজাল হোসেনের বিরুদ্ধে রাজস্ব আদায়ে ব্যাপক অনিয়ম, কোটি টাকার আর্থিক গরমিল, ভুয়া প্রকল্পে অর্থ লোপাট এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর কথিত গোপন বৈঠক ও অনিয়ম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সে বড় গরমিল
অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ও গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায়ে সরকারি নির্ধারিত ফির চেয়ে বহুগুণ বেশি অর্থ আদায় করা হলেও নথিপত্রে মিলছে না তার সঠিক হিসাব। এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ হাজার টাকার নির্ধারিত ফির বিপরীতে ৮০ হাজার টাকা এবং অপর প্রতিষ্ঠানে ২ লাখ ৪০ হাজার টাকার বিপরীতে রসিদে ২ লাখ ৮০ হাজার টাকা দেখানোর মতো গুরুতর গরমিল সামনে এসেছে।
ডিজিটাল ও অনলাইন সেবার যুগে এসেও হাতে লেখা ‘ম্যানুয়াল’ রশিদের আড়ালে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অনলাইন সিস্টেমে আদায় ও জমা দেওয়ার কথা থাকলেও সচিব আফজাল হোসেন বেছে নিয়েছেন ম্যানুয়াল পদ্ধতি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাতে লেখা রশিদ ধরিয়ে দিলেও সরকারি অনলাইন সার্ভারে সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
নথিপত্র যাচাই করে ২০২৫–২৬ অর্থবছরের চারটি বড় কারখানার ট্যাক্স জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে:প্রতিষ্ঠানের নাম আদায়কৃত অর্থের পরিমাণ অনলাইন সার্ভার ও নথির অবস্থা
ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর) ২,৪০,০০০ টাকা হাতে লেখা রশিদ দেওয়া হলেও অনলাইনে কোনো ট্যাক্স জমার তথ্য নেই।
হলিউড গার্মেন্টস ২,১০,০০০ টাকা অনলাইনে মাত্র ১০,০০০ টাকা জমা দেখানো হয়েছে; বাকি ২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ।
ইসলাম গার্মেন্টস লিমিটেড ১,০৭,৫০০ টাকা অনলাইনে এই অর্থের কোনো নথি পাওয়া যায়নি।
দি রোজ ড্রেসেস লিমিটেড ৩,২৭,২৫৫ টাকাভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলোর দাবি, শুধু ২০২৫–২৬ অর্থবছরেই নয়, চলতি ২০২৬–২৭ অর্থবছরেও একই কায়দায় হাতে লেখা রশিদ দিয়ে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ অব্যাহত রয়েছে।
কাজ না করেই ড্রেন প্রকল্পের ৫ লাখ টাকা উত্তোলন
অনুসন্ধানে আরও জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে আরএফকিউ (RFQ) প্রকল্পের আওতায় ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার খলিল প্রধানের বাড়ি থেকে পূর্ব দিকের রাস্তার ড্রেন নির্মাণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। অভিযোগ উঠেছে, কাজ না করেই ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকল্পের পুরো ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি সচিব মো. আফজাল হোসেন।
বহিরাগত সিন্ডিকেট, নথি গায়েব ও নিয়োগ বাণিজ্য
ইউপি সচিবের অনিয়মের নানা অভিযোগে মিরাজ মিয়া ও আনোয়ার হোসেন নামের দুই বহিরাগত ব্যক্তির নাম সামনে এসেছে। ইউনিয়ন পরিষদের কোনো বৈধ কর্মচারী না হয়েও সচিবের কক্ষেই মিরাজ মিয়ার জন্য আলাদা চেয়ার-টেবিল বসানোর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, দুর্নীতির প্রমাণ আড়াল করতে মিরাজ পরিষদের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেছেন।
এখানেই শেষ নয়—ক্ষমতার অপব্যবহার করে মিরাজ মিয়া তাঁর ফুফাতো ভাই মো. মঈন উদ্দিনকে অবৈধ প্রক্রিয়ায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে নিয়োগ পাইয়ে দিয়েছেন বলেও স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ রয়েছে।
এছাড়া সচিবের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দীর্ঘদিনের উদ্যোক্তা মো. সাদ্দাম মোল্লা। কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ বা অভিযোগ ছাড়াই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই শূন্য পদে নিয়মবহির্ভূতভাবে নিজের তথাকথিত ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়াকে বসিয়েছেন সচিব আফজাল হোসেন।
"আমি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে এই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ইউপি সচিব তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে নিজের লোক বসিয়ে তিনি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।"
— মো. সাদ্দাম মোল্লা, ভুক্তভোগী উদ্যোক্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার
বদলি ঠেকাতে গোপন বৈঠক ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ
অভিযোগ রয়েছে, সম্ভাব্য বদলি ঠেকাতে সচিব ১০ থেকে ১২ লাখ টাকার গোপন লেনদেন ও বৈঠক করেছেন। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও সচিব আফজাল হোসেনের বিরুদ্ধে রাজধানীতে বহুতল বাড়ি, নিজস্ব ইটভাটা, একাধিক মূল্যবান জমি এবং ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি (ঢাকা মেট্রো প ১৩-৬১১৮) ব্যবহারের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের বক্তব্য ও এলাকাবাসীর দাবি
এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ইয়ারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি; এমনকি হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠালেও কোনো জবাব দেননি।
অন্যদিকে, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান বলেন, "প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আফজাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই, আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।"
এদিকে, ২০২৫–২৬ অর্থবছরের যাবতীয় রাজস্ব আদায়ে বিশেষ অডিট পরিচালনার পাশাপাশি সচিবের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও নথি গায়েবের ঘটনায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী