মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহিমকে (২৩) রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে ডিএমপির আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ছগির লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার রূপাপাড়া এলাকায় মো. গুলজারের বাগানে কাজ করতে যান।
পরে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানান, তিনি বাড়ি ফিরবেন এবং রূপসীপাড়া বাজারে অবস্থান করছেন। কিন্তু ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া থেকে রূপসীপাড়াগামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নম্বর ২৪, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি এবং জিআর নম্বর ১০৯।
পুলিশের তথ্যমতে,হত্যাকাণ্ডের পর আসামিরা ছগিরের মোবাইল ফোন নিয়ে যায় এবং তাঁর পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায়।
পরে পুলিশের নজর এড়াতে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর এ মামলায় গ্রেপ্তার আসামি মো. ইসমাইল হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) সত্যজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা। তাঁর সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন সহযোগী ছিল বলেও তিনি জানিয়েছেন। অভিযানে এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, গ্রেপ্তার আব্দুর রহিমকে যথাযথ পুলিশ প্রহরায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।