নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী মোছা. বিথী আকতার (৭) বছর বয়সী এক শিশুকে হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শিশুটির হাতে নিজেই হুইলচেয়ারটি তুলে দেন তিনি।
জানা গেছে, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বিথীর চলাফেরায় এতদিন অনেক কষ্ট হতো। আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা-মা মেয়েটির জন্য একটি হুইলচেয়ার কিনে দিতে পারেন নি। কিছুদিন আগে বিথীর বাবা ইউএনওর কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করেন। হুইলচেয়ারটি পেয়ে শিশুটির পরিবার অনেক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম ও বীথির বাবা বিপুল হোসেন উপস্থিত ছিলেন। বীথি উপজেলার সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে তাকে হুইলচেয়ার দেয়া হলো। ইতোপূর্বেও এ রকম সাহায্য দেয়া হয়েছে। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁদের জীবনযাত্রা কিছুটা সহজ করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।