মোঃ সুজন মাহমুদ | স্টাফ রিপোর্টার: ১৮.১১.২৬-ইং
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা প্রভাব বিস্তারের সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে নাটোর জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে টিআরসি নিয়োগ অক্টোবর-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রার্থীদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নিয়োগ কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সদস্য কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী; মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী; মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর; ডা. মো. আসিফ আরেফিন অক্সিন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, নাটোরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নাটোর জেলা পুলিশের বার্তা—নিয়োগে স্বজনপ্রীতি নয়, তদবির নয়; মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড।