মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের জানাজা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই শোক সইতে না পেরে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই পরিবারের পরপর দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শনিবার বেলা ১১টার দিকে ইলিয়াস ফকিরের জানাজা সম্পন্ন হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধা মা হাসিনা বেগম। জানাজা শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাঁকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।