শোভন ভট্টাচার্য্য, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয় ঘটেছে দুটি প্রতিষ্ঠানে। উপজেলার ১১টি কলেজের মধ্যে বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ এবং জামিরবাড়ী মহিলা কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সামিউল ইসলাম জানান, এ বছর বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন এবং জামিরবাড়ী মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে দুটি প্রতিষ্ঠানের কেউই পাসের মুখ দেখেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ডোমার উপজেলা থেকে মোট ১ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬৪০ জন। উপজেলায় সার্বিক পাসের হার ৩৬.৬১ শতাংশ। এছাড়া পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।