ঢাকা প্রতিনিধি: জননিরাপত্তা নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এ গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদ জানানো হয়।
সমাবেশ থেকে জননিরাপত্তা ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী আইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকরের দাবিও তুলে ধরা হয়।
বিক্ষোভকারীদের বক্তব্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি এবং মৌলিক অধিকার নিশ্চিত করা সেই আকাঙ্ক্ষারই অংশ।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি অব্যাহত থাকবে।
তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
স্থান: শাহবাগ, ঢাকা