প্রতিনিধি আল আমিন, শেরপুর:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বাবেলাকোনা এলাকায় অভিযান চালান কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি কসমেটিকস ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে এসব পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।