মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের,আলীকদম-থানচি সড়কের ৯ কিলো এলাকায় পর্যটকবাহী দুটি চাঁদের গাড়ির (পিকআপ) সংঘর্ষে একজন চালকসহ ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রভাত কারবারি পাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।
আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ও মো. আলমের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল থেকে আলীকদম হয়ে থানচি উপজেলায় শিক্ষা সফরে যান।
সফর শেষে থানচি থেকে ফেরার পথে ইসিবি চেকপোস্ট পার হয়ে আলীকদমের দিকে আসার সময় ৯ কিলো এলাকায় একই দলের একটি পিকআপ পেছন থেকে অন্য একটি পিকআপকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে একজন চালকসহ মোট ১২ জন আহত হন। প্রাথমিকভাবে ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পাহাড়ি উঁচু-নিচু সড়কে বেপরোয়া গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ধরনের সড়কে পর্যটকবাহী যানবাহন চলাচলে সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।