নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চান্দইল কামারপাড়া দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান। দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ মুরশিদা খাতুন এবং নওগাঁর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ ছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের পূজার আয়োজন, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসবকে ঘিরে সবার সম্মিলিত সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং আনন্দঘন পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
চান্দইল কামারপাড়া দুর্গাপূজা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অতিথিদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
প্রতিবেদন: নিয়ামতপুর, নওগাঁ।