শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার কোমরপুর যুব সংঘের আয়োজনে ২ লাখ টাকা প্রাইজমানির ৪র্থ শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে ঘুশুড়ী ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাদশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীউলা রাব্বি ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ঘুশুড়ী ব্রাদার্স ইউনিয়ন।
কোমরপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আকৃষ্ট করে। নির্ধারিত খেলায় দুই দল সমান অবস্থানে থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ঘুশুড়ী ব্রাদার্স ইউনিয়ন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামীম রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব আঃ আলিম চৌধুরী ও সিনিয়র সাংবাদিক জনাব রবিউল ইসলাম। এ সময় কোমরপুর যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ মাস্টার উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন স্বনামধন্য ক্রীড়াবিদ সামু চৌধুরী।
কোমরপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।