শোভন ভট্টাচার্য্য, নীলফামারী
বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন ও নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের প্রথম চালান দেশে পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে কোচগুলো দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে নিয়ে আসা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় ভারতের রাইটস (RITES) লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। প্রথম চালানে চার ধরনের মোট ১৮টি কোচ এসেছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ ফ্যাক্টরিতে (RCF) তৈরি এ চালানে রয়েছে:
১১টি নন-এসি শোভন চেয়ার কোচ
৩টি এসি চেয়ার কোচ
২টি এসি স্লিপার কোচ
২টি এসি পাওয়ার কার (যেগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে)
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কারখানায় পৌঁছানো কোচগুলো খোলার পর দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। তিনি বলেন, “এ কাজে আমাদের কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও অংশ নেবেন। মূলত কোচগুলো আমাদের দেশের রেললাইনের উপযোগী কি না, তা যান্ত্রিকভাবে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হবে। পরীক্ষা ও ট্রায়াল রান শেষে এগুলোকে রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।”
এ জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ, ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এদিকে নতুন এ কোচগুলো নিয়ে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো দ্রুত রেলবহরে যুক্ত করা হলে বর্তমান কোচ সংকট অনেকটাই কাটবে। একই সঙ্গে এসব কোচ দিয়ে সরাসরি চিলাহাটি–কক্সবাজার পর্যটন রুটে একটি নতুন আন্তনগর ট্রেন চালুর দাবি জানান তিনি।