মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বান্দরবানের আলীকদমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ৫৭ বিজিবি কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে পূজামণ্ডপসমূহের রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে কোনো ধরনের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ০৪ (চার) প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপসমূহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক থাকবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তির শেষাংশে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানে একটি সুন্দর ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।