নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বাসচালক মোঃ মাহফুজুর রহমান @ রাজু (৩২)-কে গ্রেফতার করেছে এসআরবি-০৮, বরিশাল এর একটি আভিযানিক দল।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মাহফুজুর রহমান @ রাজু (৩২), পিতা—মোঃ মতিউর রহমান, সাং—গাজীবাড়ী মৈশানী, থানা—নেছারাবাদ, জেলা—পিরোজপুর পেশায় একজন বাসচালক। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বরিশালের বাবুগঞ্জ থানাধীন রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় মাদ্রাসাটির শিক্ষিকা রেহেনা বেগম বরিশালগামী আহনাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৬২২। প্রত্যক্ষদর্শীরা আহত শিক্ষিকাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ মামুনুর রশীদ খান (৪৯) হাইওয়ে পুলিশের সহায়তায় বরিশালের বাবুগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৬, জিআর নম্বর ৬৩/২৬ এবং তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-০৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-০৮, সদর ও সিপিএসসি কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঝালকাঠি জেলার সদর থানা এলাকা হতে অভিযুক্ত মোঃ মাহফুজুর রহমান @ রাজু (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।