মোঃ সুজন মাহমুদ নিজস্ব স্টাফ রিপোর্টার
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে দুর্গাপূজায় শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ ও পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিআইজি আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশায় ডিআইজি আশিক সাঈদের এ মতবিনিময় সভা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেছে।